নিপুণের বিরুদ্ধে জায়েদের করা আপিল শুনানি রবিবার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৬:৪৩ পিএম

নিপুণের বিরুদ্ধে জায়েদের করা আপিল শুনানি রবিবার

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের আইনী লড়াই যেনো থামছেই না।

এবার আদালতের নির্দেশ না মেনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসার অভিযোগে নিপুণের বিরুদ্ধে আপিল করেছেন জায়েদ খান। এই আপিল শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছন আদালত। আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটির শুনানি হবে।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

এর আগে,মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আদালত অবমাননার আবেদন করা হয় বলে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, “সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকার পরও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে আবেদনটির বিষয়ে শুনানি হতে পারে।”

Link copied!