নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৩:২৩ পিএম

নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতে ফেরদৌস

চলচ্চিত্র জীবনে দুই বাংলায় খ্যাতি রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের। নব্বই দশকে নিয়মিত কাজ করেছেন দুই বাংলায়। তবে ২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ভারত প্রবেশে নিষেধাজ্ঞায় পড়েন তিনি। বাতিল করা হয় তার ভিসা। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ভারতে যান এই চিত্রনায়ক।

বুধবার ভারতের আগরতলায় শুরু হবে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এ উৎসবে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন ফেরদৌস। এছাড়াও সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, ফকির শাহাবুদ্দীন ও অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরাও রয়েছেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ভারত আমার আরেকটা বাড়ির মতো। নিষেধাজ্ঞা ওঠার পর এই প্রথম সেখানে যাচ্ছি। বিষয়টা আমার জন্য অনেক আনন্দের। দীর্ঘদিন সেখানকার বন্ধুদের সঙ্গে দেখা হয়নি। এই অনুভূতি আসলে বোঝাতে পারব না। ভারতে ৪ দিন থাকব। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যাব। যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা।

Link copied!