ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। ২০১৯ সালে ওপার বাংলায় মুক্তি পায় বিরসা দাশগুপ্তের পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় সিনেমা ‘বিবাহ অভিযান’।

এই সিনেমাতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি দুই বাংলাতেই বেশ প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় ফারিয়া অভিনয় করেছেন এর দ্বিতীয় কিস্তিতেও।
‘বিবাহ অভিযান ২’ সিনেমাটি নির্মাণ করছেন সায়ন্তন ঘোষাল। আর এখানে ফারিয়ার সহশিল্পী হিসেবে আছেন প্রথম কিস্তির সবাই। মঙ্গলবার প্রকাশ হয় সিনেমার গানের একটি ট্রেলার।
চিত্রনায়িকা ফারিয়া শেয়ার করেন তার ফেসবুকে। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন বিবাহ বিপ্লবের গান হবে নতুন গানের সঙ্গে!’

ট্রেলারটি প্রকাশে পরপরই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়। ভক্তরাও এর প্রশংসা করছে। গানের তালে তালে এর অভিনয়শিল্পীদের পাশাপাশি পর্দায় ভেসে ওঠে সিনেমার মূল গানের- ‘আবার বিবাহ অভিযান/ এই সরে যান সরে যান/ বিয়ে করলে বুঝতেন/ সরে যান’

উল্লেখ্য, ‘বিবাহ অভিযান’র প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার, নুসরাত ফারিয়া, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।