নো মেকআপ লুকে ‘পরী’ রূপে আসছেন পূজা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২২, ০৪:০৭ পিএম

নো মেকআপ লুকে ‘পরী’ রূপে আসছেন পূজা

ঢাকাই চলচ্চিত্রে ‘নো মেকআপ লুকে’ এবার দেখা যাবে আলোচিত অভিনেত্রী পূজা চেরি। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমার মাধ্যমে রাতারাতি দর্শকমহলে তারকা খ্যাতি লাভ করা এই অভিনেত্রী সাবলীল অভিনয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন বড় পর্দায়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গেও পর্দায় দেখা গেছে তাকে।

‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হওয়া পূজা চেরি সম্প্রতি ওয়েব ফিল্ম ‘পরী’তে কাজ করছেন। এই সিনেমায় পুরো সময় তাকে ‘নো মেকআপ লুকে’ দেখা যাবে। শুধু আইটেম সংয়েই তাকে মেকআপ নিতে দেখা যাবে।

গতকাল শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় জামগড়া ফ্যান্টাসি কিংডমের আমন্ত্রণে ঘুরতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

পূজা চেরী বলেন, ‘পরী’ নিয়ে যদি কিছু বলি, এটা ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অসংখ্য ভালো কাজ থাকে। সেগুলোর মধ্যে আবার অনেক ভালো কাজ থাকে। আমি বলব আমার লাইফে ‘পরী’ অনেক ভালো একটা কাজ।’

পূজা চেরি আরও বলেন, ‘পুরো সিনেমাতে আমি কোনো মেকআপ নিইনি। সিনের মধ্যে আমি দুইটা জায়গায় মেকআপ নিয়েছি, যেইটা আইটেম সং ছিল। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। আমি বলব, ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ‘পরী’।’

পূজার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হৃদিতা’ সম্পর্কে তিনি বলেন, ‘হৃদিতা’ নিয়ে অনেকে পজিটিভ ছিল, অনেকে নেগেটিভ ছিল। সব মিলিয়ে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। ‘হৃদিতা’র ব্যাবসায়িক সফলতা নিয়ে কথা বলতে চাননি তিনি।

 


খুলনার গাজীরহাটে এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা পূজা চেরি ২০১২ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন ‘ভালবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে। সে ছবিতে তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহির শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে জাজ, এসভিএফ এবং রাজ চক্রবর্তীর প্রযোজনায় নির্মিত ‘নূরজাহান’ চলচ্চিত্র দিয়ে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পুজা। সিনেমাটি ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায়।

এতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত ভারতীয় অভিনেতা আদৃত। প্রথম ছবিতেই তার অভিনয় খুব প্রশংসিত হয় এবং এর ধারাবাহিকতায় জাজের আরেকটি চলচ্চিত্রে তিনি চুক্তিবদ্ধ হন। সেটি হলো বহুল জনপ্রিয় চলচ্চিত্র পোড়ামন ২।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেন নবাগত পরিচালক রায়হান রাফী এবং চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত নায়ক সিয়াম আহমেদ। এই ছবিতে সিয়াম এবং পুজা জুটি বাংলার দর্শকরা সাদরে গ্রহণ করেন। এরপর থেকে পূজা চেরিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Link copied!