বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির পা ভেঙে গেছে। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় বাঁ পায়ে আঘাত পান। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করার পর তাঁর পা ভেঙেছে বলে জানিয়েছেন ডাক্তার।

ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শিল্পা শেঠির প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শ্যুট করছিলেন অভিনেত্রী। সেটে শট দিতে গিয়ে নিজের পা-ই ভেঙে ফেললেন তিনি! শুধু তাই নয়, পা ভেঙে যাওয়ার পরও প্লাস্টার বেঁধে রসিকতা করে বলেন, তিনি নাকি পরিচালকের নির্দেশ পালন করেছেন মাত্র।
রোহিত শেঠির এই সিরিজ দিয়েই ওয়েব জগতে পা রেখেছেন শিল্পা শেঠি। ভারতীয় পুলিশ অফিসারদের কর্মকাণ্ড নিয়ে নির্মিয়মান এই সিরিজের পরিচালক রোহিত শেঠি নির্দেশনা দিচ্ছিলেন। শিল্পাও তাঁর প্রতিটি শট নিখুঁত ভাবে দেওয়ার চেষ্টা করছিলেন। নিকতিন ধীর, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিল্পা অ্যাকশন দৃশ্য অভিনয় করছেন। কাচের দেওয়াল ভেঙে গুন্ডা দমন করেছেন তিনি। বলিউড বলছে, এই ধরনের কোনও দৃশ্যে অভিনয় করতে গিয়েই সম্ভবত পা ভেঙেছেন নায়িকা।
তবে পা ভেঙে কিন্তু বিন্দুমাত্র আক্ষেপ নেই শিল্পা শেঠির। নীল ডেনিম, জ্যাকেট, টি শার্ট পরনে। হাসপাতালে পায়ের প্লাস্টার করে হুইলচেয়ারে বসে বাইরে এসেছেন। ক্যামেরার সামনে হাসতে হাসতে পোজও দিয়েছেন।
বুধবার বিকালে শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন শিল্পা। তার বাঁ পায়ে বেল্ট পরানো। হাস্যেজ্জ্বল মুখে দু’হাতে ভি চিহ্ন প্রদর্শন করছেন।

আর ক্যাপশনে লিখেছেন, ‘‘তারা বলেছিল রোল, ক্যামেরা, অ্যাকশন— ‘পা ভাঙো’। আক্ষরিক অর্থে আমি তাই করেছি। আগামী ৬ সপ্তাহ ক্যামেরার বাইরে থাকতে হবে। খুব শিগগির আরো শক্তি নিয়ে ফিরব।’’
গতকাল শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা যায় তাকে।
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে শিল্পা ছাড়াও এতে অভিনয় করছেন—বিবেক ওবেরয়, সিদ্ধার্থ মালহোত্রা, ইশা প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
শিল্পা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিকম্মা’। সাব্বির খান পরিচালিত অ্যাকশন-কমেডি ঘরানার এ সিনেমাটি গত ১৭ জুন মুক্তি পায়। এছাড়া, অমিত সাধের সঙ্গে ‘সুখী’ সিনেমায়ও দেখা যাবে ধড়কন’খ্যাত এই অভিনেত্রীকে।