পরীমনি কাশিমপুর কারাগারে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২১, ০৯:২২ পিএম

পরীমনি কাশিমপুর কারাগারে

চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।  শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। পরে তাকে মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।’

এর আগে শুক্রবার বেলা তিনটায় মামলার শুনানিতে চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা আসামিদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। দু’দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পলাতক হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

সেখানে আরও বলা হয়, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে আসামি (পরীমনি) বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার অভিযোগের সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে পর‍্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন।’

এদিকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ পরীমনির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১০ আগস্ট দুপুরে চারদিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে ও দীপুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‍্যাব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‍্যাব বাদী হয়ে একটি মামলা করে।

মামলাটি সিআইডি তদন্ত করছে। ওই মামলায় মঙ্গলবার আদালত পরীমণি ও তার মামা দীপুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Link copied!