পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা চলবে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৫:৩৭ পিএম

পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা চলবে

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলার কার্যক্রম চলবে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এ আদেশের ফলে পরীমণির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন।

এর আগে, গত ১ মার্চ চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি পরীমনির বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে  আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। ওইসময় তার বাসা থেকে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।

পরদিন ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।  

Link copied!