চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ শনিবার (৭ আগস্ট) তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর।
এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, ‘পরীমনির ঘটনায় চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীমনির বিষয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম।’
মিশা সওদাগর আরও জানান, ‘সমিতির শীর্ষ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং এতে সব সদস্যের মতামত নেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে সভাপতি মিশা সওদাগর ছাড়াও সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া কার্যকরী কমিটির সদস্য অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর, আলীরাজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট সন্ধ্যায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করে র্যাব।
পরদিন বনানী থানায় পরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তিনি এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। মামলাটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত জুলাই মাসের ৮ তারিখ ফেসবুকে রাজধানীর বোটক্লাবে তার ওপর নির্যাতনের কথা জানিয়ে আলোচনায় আসে পরীমনি।ওই ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন পরীমনি। এরপর তিনি প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ সিনেমা মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’।নতুন করে তিনি ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।