জমকালো আয়োজনে পর্দা উঠছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় দক্ষিণ ফ্রান্সের প্যারিস শহর থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরের নয়নাভিরাম কান সৈকতে তারকাখচিত এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হলো। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি।
এবারের আসরেও বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছে। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা। ১৯৪৬ সাল থেকে শুরু হওয়া এ উৎসব প্রতি বছর মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

উৎসবের প্রথম দিনেই পর্দায় ফিরছেন হলিউড তারকা জনি ডেপ। তার অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ প্রথমবারের মতো কান উৎসবে প্রিমিয়ার হয়। একই দিনে ফ্রান্সেও সিনেমাটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন মাওয়েন, যিনি সিনেমার মুখ্য নারী চরিত্রে জনি ডেপের বিপরীতে অভিনয় করেছেন।
এবারের আসরে পূর্ব ঘোষণা অনুযায়ী দুই বারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসকে দেওয়া হয় কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটারের মঞ্চে স্বাগত জানান জুরি সভাপতি রুবেন অস্টালান্ডসহ অন্য সদস্যদের। তারা হলেন 'ক্যাপ্টেন মারভেল' তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

নিরিবিলি আর পরিপাটি ছোট্ট কান-শহরের চেহারা ক্রমশ বদলে যেতে শুরু করেছে। কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ জড়ো হচ্ছে গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমী এবং নামকরা তারকা ও খ্যাতিমান নির্মাতারা। মধ্যরাত অব্দি রেস্তোরাঁ-কফিশপে চলছে জমজমাট আড্ডা।
এদিকে কান কর্তৃপক্ষ জানিয়েছে উৎসবের উদ্বোধনী আসরের সূচি। এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দু্য লা পস্নাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশনেও থাকছে কয়েকটি ছবি।
এবারের উৎসবের বিভিন্ন বিভাগে এবার দেখানো হবে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা। এর মধ্যে মিডনাইট বিভাগে প্রিমিয়ার হবে অনুরাগ কশ্যপের 'কেনেডি', ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে দেখানো হবে কানু বেহেলের 'আগ্রা'। এছাড়া ১৯৯০ সালে মুক্তি পাওয়া আরবাম শ্যাম শর্মার 'ইশানাউ'ও দেখানো হবে। আনুশকা শর্মা, মানুষি ছিলস্নারের উৎসবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছে।
সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা 'এলেমেন্টাল'। ১১ দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামী ২৭ মে।