পরোয়ানা জারির পর থেকেই পলাতক কণ্ঠশিল্পী মিলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২১, ০১:৪১ পিএম

পরোয়ানা জারির পর থেকেই পলাতক কণ্ঠশিল্পী মিলা

গ্রেপ্তার পরোয়ানা জারির পর থেকে পলাতক জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা।  ২০১৯ সালে ২ জুন সাবেক স্বামী পারভেজ সানজারির ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় অভিযুক্ত হন মিলা এবং তার সহযোগী কিম জন পিটার। ২০২০ সালে ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। জামিনে থাকা অবস্থায় ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার এসিড দমন ট্রাইবুনালের বিচারক।

উল্লেখ্য, মিলার সহযোগী কিম ২০১৯ সালের জুলাই মাসে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতার হয়ে কারাগারে যান। পরবর্তীতে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। অপরদিকে মিলা এই মামলার ১নং আসামি। তিনি এখন পর্যন্ত কখনই আদালতের মুখোমুখি হননি। অতঃপর এ বছরের ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন।

গত ৯ ফেব্রুয়ারি আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা পল্লবী থানায় পৌঁছায়। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ অভিযুক্ত মিলা ও তার সহযোগী কিমকে খুঁজছে। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী গণমাধ্যমকে বলেন, “মিলা ও তার সহযোগী কিমকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতেও মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালাই, কিন্তু এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। আশা করি, শিগগিরই তাদের গ্রেপ্তার করে আদালতে সমর্পণ করতে পারব”। এ বিষয়ে অভিযুক্ত দুইজনেরই পরিবারের দাবি, তারা কোথায় আছে এ সম্পর্কে তাদের ধারণা নেই।

Link copied!