দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এ বার কাজ করছেন ইরানি পরিচালকের ছবিতে। পয়লা বৈশাখ উৎসব মুখর ঢাকায় রিকশা চড়েছেন শিশু কোলে। চারুকলা, রমনা বটমূল প্রাঙ্গণে ঘুরেছেন। সাধারণ পোশাকে কেউ তাকে চিনতে পারেনি।
কিছুদিন ধরে শোনা যাচ্ছিল ইরানি পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। কিন্তু এ বিষয়ে জয়া কিছু জানাননি। কোনও তথ্যই পাওয়া যাচ্ছিল না। এ বার ফেসবুকে এ বিষয়ে লিখেছেন জয়া।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ছবিসহ তিনি লিখেছেন, "১৪২৯ সালের প্রথম দিন পুরনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হল। দিনব্যাপী কাজ করলাম সেই চারুকলা, সেই রমনার বটমূল প্রান্তরে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেওয়ার এই বিশেষ দিনে, আহ্! অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন। আর এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার ইরানি ইউনিটকে। পুরো ইউনিটের সবাই মিলে আজ আমরা গায়ে জড়িয়েছিলাম বৈশাখী পোশাক। ভীষণ আনন্দে কেটেছে পুরোটা দিন। এই ইউনিটের সঙ্গে বিগত দুই সপ্তাহ ধরে কাজ করছি ‘ফেরেশতে’ নামের চলচ্চিত্রে। ব্যস্ততার কারণে এত দিন কিছুই জানাতে পারিনি।"
এ প্রসঙ্গে পরে সংবাদমাধ্যমকে স্মৃতিকাতর জয়া বলেন, "অনেক দিন পর রিকশায় চড়লাম। স্টুডেন্ট থাকা অবস্থায় এ সব পথ দিয়ে যেতাম। সেই জারুলগাছ…টিএসসি-র মোড়…।’’