ডিসেম্বর ২০, ২০২১, ১২:৩৯ পিএম
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ি, ঐশ্বরিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। আর এসব নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে। যদিও ঐশ্বরিয়া হাজিরা দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পানামা পেপার্স কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাম। অভিযুক্তদের তালিকায় ঐশ্বরিয়া রাই বচ্চনও রয়েছেন। বেশ কিছুদিন ধরে ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার্স কাণ্ডের তদন্ত করছে। ভারতের পাশাপাশি বিদেশেও পাঠানো হয়েছে তদন্তকারী দল। আর এজন্য ঐশ্বরিয়াকে তলব করেছে ইডি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) সূত্রের বরাত দিয়ে জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও দুইবার ঐশ্বরিয়াকে তলব করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। কিন্তু দু’বারই বচ্চন পরিবারের সদস্য তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই আবেদন গ্রহণও করেছিল। তবে এবার ঐশ্বরিয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আর সে কারণেই আজ (২০ ডিসেম্বর) তাকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন। বাদ পড়েননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চনও।