পুত্র সন্তানের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ০৫:২৪ পিএম

পুত্র সন্তানের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বাবা হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী  পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

সিয়াম আহমেদের একটি পারিবারিক সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে।গত বছরের ২৫ ডিসেম্বর স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন সিয়াম আহমেদ।

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ। তিন বছর পর পরিবারে নতুন অতিথি আসার খবরও জানান তিনি। 

২০১২ সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা করছেন সিয়াম। মোবাইল ফোন অপারেটর রবির জন্য একটি বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তার প্রথম নাটক ছিল "ভালোবাসা ১০১"। এর পরে তিনি একাধিক টিভি নাটকে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে- ঝড়ের পরে, শিহরণের গান, তোমার আমার প্রেম্, টু লেট ব্যাচেলর, মিস্টার বয়েড ফ্রেন্ড ইত্যাদি।

২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে।   গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এ ছাড়া আসছে ঈদ উল ফিতর উপলক্ষ্যে  মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ সিনেমা।

Link copied!