মা হলেন সোনম কাপুর। গতকাল শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে পুত্রসন্তানের মা হওয়ার কথা নিশ্চিত করেছেন সোনম নিজেই।
মা হওয়ার খবর জানিয়ে ইনস্টাগ্রামে সোনম লিখেছেন, ‘আজ ২০ আগস্ট ২০২২–এ আমরা পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। চিকিৎসক, নার্স, বন্ধু ও পরিবারের সবাইকে এ জার্নিতে পাশে থাকার জন্য ধন্যবাদ। এটা নতুন জীবনের কেবল শুরুই হলো না, জীবন চিরদিনের জন্য বদলে গেল।’ অভিনেত্রী নীতু কাপুর, নির্মাতা ফারাহ খানসহ অনেকেই সোনমের এই বার্তা শেয়ার করেছেন।
গত মাসেই সোনমের স্বামী আনন্দের জন্মদিন ছিল। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেছিলেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনো পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না। সেরা বাবা হবে তুমি।’
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম ও আনন্দ। বিয়ের পর থেকেই বড় পর্দায় কাজ কমিয়ে দেন তিনি। বেশির ভাগ সময় স্বামীর সঙ্গে লন্ডনেই ছিলেন তিনি। মাস কয়েক আগেই নটিংহিলে তাঁর বাংলোতে বেবি শাওয়ারের আয়োজন করা হয়।