মারা গেছেন কন্নড় চলচ্চিত্রের ‘পাওয়ার হাউজ’ খ্যাত তরুণ অভিনেতা পুনিত রাজকুমার। শুক্রবার (২৯ অক্টোবর) বেঙ্গালুরুর এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জিমে শরীরচর্চাকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হঠাৎ বুকে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে তার। পরে বেলা সাড়ে এগারোটার সময়ে বেঙ্গালুরুর বিক্রম হাসসাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে যান ৪৬ বছর বয়সী এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিক্রম হাসপাতালের চিকিৎসক রঙ্গনাথ নায়কের বরাত দিয়ে জানাচ্ছে, পুনিতকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা সঙ্কটজনক ছিল। যথাসাধ্য চেষ্টা করেও তারা এই অভিনেতাকে ফেরাতে পারেননি। তার মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
গত মাসের শুরুতে বলিউড অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার মৃত্যুও এমন ভাবেই নাড়িয়ে দিয়ে গিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ।