পুস্পা, কাশ্মীর ফাইলসের পর ‘আরআরআর’ এর জয়জয়কার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ০৩:৫১ পিএম

পুস্পা, কাশ্মীর ফাইলসের পর ‘আরআরআর’ এর জয়জয়কার

করোনা অতিমারীর পর যখন দর্শকদের সিনেমাহলে ফেরাতে রীতিমতো নাজেহালদশা গোটা সিনেমা ইন্ডাস্ট্রির তখন হাল ধরলেন এসএস রাজামৌলি। মুক্তি পেল তার ছবি ট্রিপল আর। ‘আরআরআর’ ছবিটি ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ১২ দিনে হাজার কোটি ছুঁই ছুঁই।

বুধবার রাতে মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। এ সাফল্যের রাত উদ্‌যাপনে সেখানে বিনোদন জগতের একাধিক তারকা উপস্থিত হয়েছিলেন।

তেলুগু ছবির দুই মহারথীকে সঙ্গে নিয়ে যুদ্ধে নেমেছেন এস এস রাজামৌলি। রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট অভিনীত রাইস রোর রিভোল্ট অর্থাৎ ট্রিপল আর প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে। প্রথমদিনেই সারা বিশ্ব জুড়ে এই ছবির কালেকশন ছিল ২২৩ কোটি ভারতীয় মুদ্রা। তিনদিনেই ৫০০ কোটি ঘরে তুলেছে এই ছবি। এখনও জয়ের ধারা অব্যাহত। ১১ দিনে এযাবৎ এই ছবির আয় ৯৩৯ কোটি। এদিনই সলমনের বজরঙ্গী ভাইজানকে পিছনে ফেলে দিল এই ছবি। সলমনের ঐ ছবির টোটাল আয় ছিল ৯০২.৮০কোটি। ১১ তম দিনে সেই রেকর্ড ভেঙে বক্স অফিসে সর্বকালের সেরা তিন ছবির মধ্যে জায়গা করে নিল ট্রিপল আর।

তামিল, তেলুগু, মালায়ালম, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ভাটের পাশাপাশি এই ছবিতে একটি ক্যামিও রোলে রয়েছেন অজয় দেবগণ।

Link copied!