পেঁয়াজ নিয়ে বিতর্কে কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ০৩:৩৭ পিএম

পেঁয়াজ নিয়ে বিতর্কে কঙ্গনা

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রায় আলোচনা এবং সমালোচনা হতে থাকে এই অভিনেত্রীকে নিয়ে। গতকাল মঙ্গলবার নবরাত্রির অষ্টমীর প্রসাদের ছবি পোস্ট করার পর থেকেই সমালোচনায় চলে আসেন তিনি। নানা পদের সঙ্গে প্রসাদের থালায় রাখা পেঁয়াজ রাখায় নেটিজেনদের কটাক্ষের মুখে কঙ্গনা।

কঙ্গনা তার ইনস্টাগ্রামে প্রসাদের থালার ছবি পোস্ট করেছিলেন। পোস্টে জানিয়েছিলেন, অষ্টমীর উপোস করছেন তিনি। এই খাবার তার পরিবারের জন্য। তবুও ছাড় পাননি তিনি। কিছু সংখ্যক নেটিজেনরা হিন্দুত্বের পাঠ পড়ালেন তাকে।

তার পোস্টে একজন লিখেছেন, প্রসাদের থালায় পেঁয়াজ থাকা উচিত নয়, কেউ আবার প্রশ্ন তুললেন, প্রসাদে পেঁয়াজ? আপনি নিশ্চিত যে আপনার বাড়িতে নিয়ম মানা হচ্ছে? নিজের ধর্মের রীতিনীতিগুলি কঙ্গনা জানেন না বলেও দাবি করেন অনেকে। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ড করতে থাকে ‘#অনিয়ন’।

পোস্টটি শেয়ারের মুহুর্তের মধ্যে বিতর্কে চলে আসেন কঙ্গনা। তাই নিজের সাফাই দিতে আরেকটি পোস্ট করেন এই অভিনেত্রী। তার মতে, হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের মতো রক্ষণশীল নয়। সেটিই তার সৌন্দর্য। তাই তার পরিবার যদি প্রসাদের সঙ্গে পেঁয়াজ খেতে চায়, তা হলে সেটা নিয়ে বিদ্রূপ করা অর্থহীন। এছাড়াও তিনি জানান, বাইরে থেকে আসা তার ভাইয়ের জন্য থালাটি সাজিয়েছিলেন তিনি। নিজে সে খাবার খাননি।

এদিকে গত সোমবার করোনা নিয়ে মন্তব্য করে কটাক্ষের শিকার হয়ে হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা। সেই বিতর্কের রেশ মিলিয়ে যাওয়ার আগেই শুরু হল ‘পেঁয়াজ বিতর্ক’।

Link copied!