প্রকাশ্যে এল পরিচালক জোয়া আখতারের 'দ্য আর্চি' ছবির টিজার। মাত্র এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের টিজারে স্মৃতিকাতর ষাটের দশকের কমিক প্রজন্ম। তারচেয়েও বিস্ময়, কাজটি করেছেন এই প্রজন্মের সাত কিশোর।
শনিবার (১৪ মে) প্রকাশ পায় 'দ্য আর্চির প্রথম দর্শন। এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন তিন তারকাসন্তান অমিতাভের নাতি অগস্ত্য নন্দা, শাহরুখ কন্যা সুহানা খান এবং শ্রীদেবী কন্যা খুশি কপূর।
ষাটের দশকের যে জনপ্রিয় কমিকসের হাত ধরে একের পর এক প্রজন্মের বড় হয়ে ওঠা, তাকেই পর্দায় জীবন্ত করে তুলতে চলছে টাইগার বেবি ফিল্মস। ছবিটির সহ প্রযোজনায় আর্চি কমিকস এবং গ্রাফিক ইন্ডিয়া। ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
১৯৬০ সালের কাহিনি নিয়ে ছবিটি তৈরি। তখনকার গেটআপ-অ্যাক্সপ্রেশনেই দারুণ মানিয়ে নিয়েছেন শাহরুখ-কন্যা, অমিতাভ বচ্চনের নাতি আর শ্রীদেবী-বনি কাপুরের কন্যা। সঙ্গে দেখা গেছে মিহির অহুজা, ডট, যুবরাজ মেন্দা ও বেদং রায়নাকে।
ছয় দশক আগে ফেলে আসা সময়ের স্বাদ-গন্ধ, একগুচ্ছ মন ভরানো গান- সব নিয়েই সদলবলে পর্দায় হাজির হবে আর্চি। ছবির গানে সুর দিয়েছেন অঙ্কুর তিওয়ারি এবং দ্য আইল্যান্ডারস-এমনটাই জানালেন নির্মাতা জয়া। ‘দ্য আর্চিজ’ নিয়ে খুশি নেটফ্লিক্স কর্তৃপক্ষও। তারা বলছে, ‘কৈশোর, তারুণ্য, বন্ধুত্ব, প্রথম প্রেম থেকে প্রতিবাদী হয়ে ওঠা- ছেলেবেলা পেরিয়ে বড় হয়ে ওঠার সব গল্পই ধরা থাকবে এই ছবিতে। প্রত্যেক প্রজন্মই খুঁজে পাবেন মনের মতো কিছু না কিছু।’