প্রথম সন্তানের মা হলেন বলিউড ও টলিউডের সমান জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। শনিবার (২২ মে) দুপুরে তার ঘরে নতুন অতিথি এসেছে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান এই গায়িকা নিজেই। তার পোস্টটি ভক্ত.অনুরাগি ও শুভাকাঙ্খিদেরশুভেচ্ছা ও আদরে ভরে উঠেছে।
শ্রেয়া জানিয়েছেন, ‘আজ দুপুরে ভগবান আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছে…একটি ফুটফুটে ছেলে! এটা একদম আলাদা অনুভূতি। যা আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি, আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।’
এর আগে ৪ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করে শ্রেয়া জানিয়েছিলেন, ‘আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর তাদের ঘরে নতুন অতিথি এসেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা