দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন। এতদিন সন্তানকে প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী। অবশেষে আজ বিশ্ব মা দিবসে সবাইকে চমকে দিলেন।
ছেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন কাজল। ছবিতে দেখা যায়—ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছেন হাস্যোজ্জ্বল কাজল।
গত ১৯ এপ্রিল মা হয়েছেন কাজল আগারওয়াল। কাজল এবং তার স্বামী গৌতম কিচলু দম্পতি আদর করে ছেলের নাম রেখেছেন নীল কিচলু। এখনো এক মাস হয়নি নীলের।
ইনস্টাগ্রামে সন্তানের ছবি শেয়ার করে কাজল লিখেন, “আমার প্রথম। আমি তোমাকে জানাতে চাই, তুমি আমার কাছে কতটা মূল্যবান হয়ে থাকবে। যেই মুহূর্তে আমি তোমায় প্রথম কোলে নিয়েছিলাম, তোমার ছোট্ট হাত আমার হাতে নিয়েছিলাম, তোমার উষ্ণ প্রশ্বাস অনুভব করেছি, তোমার সুন্দর চোখ দুটো দেখেছিলাম, আমি বুঝেছিলাম পুরো জীবনের জন্য ভালোবেসে ফেলেছি। তুমি আমার প্রথম সন্তান। আমার প্রথম ছেলে। আমার অনেক কিছুর প্রথম। সামনের দিনগুলোয় হয়তো আমি তোমায় অনেক কিছু শেখানোর চেষ্টা করব। কিন্তু এরই মধ্যে আমি তোমার থেকে অনেক কিছু শিখে ফেলেছি। তুমি আমাকে শিখিয়েছ মা হওয়া কি জিনিস। তুমি আমাকে নিঃস্বার্থ হতে শিখিয়েছ। খাঁটি ভালোবাসার অর্থ বুঝিয়েছ। শিখিয়েছ এক টুকরো হৃদয় কীভাবে শরীরের বাইরে থাকতে পারে।”