সিনেমায় ১০০ কোটি রুপি আয় করার রেকর্ড যেখানে ভারতে অহরহ, তার প্রতিবেশি দেশ পাকিস্তানে এমন রেকর্ড গড়ার নজির দেখা যায় না।
পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ কোটি রুপি আয় করলো বিলাল লাশহারি পরিচালিত পাকিস্তানি ছবি 'দ্য লেজেন্ড অব মাওলা জাট'।
গত ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির ১৭ দিন পরও দর্শকের ভিড় লেগে আছে ছবিটি দেখার জন্য।

প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করতে থাকে বিশ্বের বিভিন্ন জায়গায় মুক্তি পাওয়া এই ছবিটি। মাত্র ১০ দিনে পাকিস্তানি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে ১০০ কোটি পাকিস্তানি রুপি আয় করে ছবিটি।
১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাওলা জাট’ নামের ক্লাসিক ঘরানার ছবির ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়েছে।
এর আগে পাকিস্তানের সবচেয়ে বেশি উপার্জন করা ছবির তালিকার শীর্ষে ছিল ‘জওয়ানি ফির নেহি আনি ২’। ২০১৮ সালে ছবিটি মুক্তি পায়। বক্স অফিস থেকে এই ছবিটি পাকিস্তানি মুদ্রায় মাত্র ৭০ কোটি টাকা উপার্জন করেছিল।

মুক্তির সপ্তাহে শুধু পাকিস্তান থেকেই 'দ্য লেজেন্ড অব মওলা জাট' সিনেমাটি ১১ কোটি ৩০ লাখ রুপি আয় করে, এটিও ছিল নতুন রেকর্ড। এর আগে সালমান খানের ‘সুলতান’ পাকিস্তান থেকে প্রথম সপ্তাহে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছিল।
পাঞ্জাবের এক গ্রামের পটভূমিতে সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খান, হামজা আলী আব্বাসী, মাহিরা খান, হুমাইমা মালিক, গহর রশিদ প্রমুখ।