অবশেষে সামনে এলো অভিনেত্রী নাজিরা মৌ এর বিয়ের খবর। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে মৌ একজন। বছরের শুরুর দিকে তার বিয়ে নিয়ে যে গুঞ্জন উঠেছিল অবশেষে তার সত্যতা পাওয়া গেছে। ২০ জানুয়ারি একজন প্রবাসী ব্যবসায়িকে বিয়ে করেছেন তিনি।
অভিনেত্রী নাজিরা মৌ এর স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান। তিনি যুক্তরাজ্য প্রবাসী এবং পেশায় একজন ব্যবসায়ী। মুরাদ রহমানের পৈতৃক ভিটা সিলেট। রাজধানীর বনানী একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে বর ও কনের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পারিবারিক কারণেই নিজের বিয়ের খবরটি গোপন রেখেছিলেন মৌ। বিষয়টি মৌ নিজেই নিশ্চিত করেছেন।
নিজের বিয়ের কথা জানিয়ে নাজিরা মৌ বলেন, 'বিয়ের ৫-৬ মাস আগে আমার একট কমন ফ্রেন্ডের মাধ্যমে ওর (মুরাদ রহমান) সঙ্গে পরিচয় হয়। তবে সে পরিচয় ছিলো বন্ধুত্বের। তারপর মুরাদের সিদ্ধান্ত পরিবারকে জানালে তারাও মত দেন। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে সম্পন্ন হয়েছে।' তিনি আরও বলেন, 'নতুন জীবন শুরু করেছি৷ খুব চমৎকার একজন মানুষকে সঙ্গী হিসেবে পেলাম৷ একটি দারুণ পরিবারকে পেলাম জীবনে৷ দোয়া চাই যেন সুখী হতে পারি’।
প্রসঙ্গত, বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান অভিনেত্রী নাজিরা মৌ। তবে তিনি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও কাজ করেছেন। শুরুতেই তৌকীর আহমেদ ও অপূর্বসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। সাফল্য পেয়েছেন আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধে। এছাড়াও ‘নন্দিনী’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি৷ সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত এই সিনেমায় মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির শুটিং শেষ চলছে সম্পাদনার কাজ।