সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম থেকে স্বামীর পদবি ‘জোনাস’ মুছে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে তার ভক্তরা নানা মন্তব্য করে চলেছেন। তাদের প্রশ্ন, তাহলে কি নিক জোনাসের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিল? বিবাহবিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন জনপ্রিয় এই জুটি?
যদিও প্রিয়াঙ্কা চোপড়া কিংবা নিক জোনাস এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে সামান্থা রথ প্রভুর ছায়া দেখতে পাচ্ছেন নেট নাগরিকরা।
দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু এর আগে তাঁর নাম থেকে স্বামী নাগা চৈতন্যর ‘আক্কিনেনি’ পদবি সরিয়ে দিয়ে ডিভোর্সের ইঙ্গিত দিয়েছিলেন। তাই প্রিয়াঙ্কা সে পথে হাঁটছেন কি না, এ নিয়েই শুরু হয়েছে প্রবল জল্পনাকল্পনা।
অবশ্য প্রিয়াঙ্কার মা মধু চোপড়া একটি চ্যানেলকে জানান, প্রিয়াঙ্কা আর নিকের বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ গুজব। তিনি অনুরোধ করেছেন, এ ধরনের মিথ্যা খবর কেউ যেন না ছড়ান।