তুই ভুল করে একবার ভালোবেসে যা
মন নিয়ে আমিতো করি না খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে।
প্রেম ছড়ানো জাদুকরের সঙ্গে ‘জাদুকর’ নামের এই গানটির মিউজিক ভিডিওতে ছিলেন তারা দুজন। এক রাজ্যের রাজকন্যা শেহতাজের মন ভালো করতে প্রীতম আসেন গানের জাদুকর হয়ে। তারপর গান শুনে মুগ্ধ রাজকন্যার ভালো লেগে যায় জাদুকরকে। তারপর গানের সঙ্গে এগিয়ে যায় তাদের গল্প। আর জীবনেও ভালো লাগার সুর বাজতে শুরু করে। শুটিংয়ের সময়ই শুরু হলো ভালো লাগা। পরে মন দেয়া-নেয়া করে কেটে গেল ৫টি বছর। প্রণয়ে আজ রূপ পেলো পরিণয়ে। প্রেম থেকে পরিণয়ের গল্পে সবাইকে মুগ্ধ করে দিলেন প্রীতম-শেহতাজ জুটি।

আজ শুক্রবার শ্রীমঙ্গলের এক পাঁচ তারকা হোটেলে দুই হাত এক হলো বরেণ্য সংগীতশিল্পী প্রয়াত খালেদ হাসান মিলুর ছোট ছেলে অভিনেতা ও সঙ্গীত পরিচালক প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের। দুজনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার রাতে তাদের ঘরোয়া গায়ে হলুদের আয়োজনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। মেহেদী রাঙা হাতে শেহতাজ ও পাশে হাসিমুখে প্রীতম। শেহতাজের হাতে মেহেদীতে লেখা প্রীতমের নাম।
শুক্রবার ফেসবুকে প্রীতমের পোস্টে তাঁদের বিয়ের ছবি দেখা যায়। ক্যাপশনে লেখা আনুষ্ঠানিকভাবে শুরু শেহতাজের সঙ্গে পথচলা।
