শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছে প্রার্থনা ফারদিন দীঘির। প্রতীক্ষিত ‘বঙ্গবন্ধু’ ছবিতে অংশ নিয়েছেন তিনি। কিন্তু ঢালিউডে অভিষেক হচ্ছে ‘তুমি আছো, তুমি নেই’ ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এ পর্যন্ত ৭৩টি ছবি পরিচালনা করেছেন তিনি। চিত্রনাট্য লিখেছেন প্রায় সাড়ে তিন শত’রও বেশি। সবশেষ নির্মাণ করেছেন ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং আসিফ ইমরোজ।
১২ মার্চ মুক্তি পাবে ছবিটি। মুক্তির এক সপ্তাহ আগে গত শুক্রবার ৪ মার্চ জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছবিটির ২ মিনিট ৩৩ সেকেন্ডের অফিশিয়াল ট্রেইলার প্রকাশ হয়েছে। ট্রেইলার প্রকাশের পর থেকেই আলোচনায় পড়েছে ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি। বাংলা সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন গ্রুপে সমালোচনা চলছে ছবিটি নিয়ে। নেটিজেনদের অভিযোগ মানহীন গল্প এবং নির্মাণের অদক্ষতায় ভরপুর ছবিটি।

ট্রেইলারে প্লাস্টিকের বোতলে কসটিপ পেচিয়ে মাইক্রোফোন তৈরি করা হয়েছে। আর সেটি দিয়েই গান গাচ্ছেন দীঘি। যা সকলের চোখে পড়তে বেশি সময় লাগেনি। যার স্ক্রিনশট তখন থেকেই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সমালোচনার ঝড় থামানোর জন্য ট্রেইলার থেকে ওই অংশটুকু কেটে দিলেও দর্শকদের কাছে কোনো ইতিবাচক কমেন্ট পাওয়া যায়নি। বরং অনেক দর্শকরা বলেছেন তাদের মোবাইলের ডাটা তারা ফেরত চায়। কারন আশানুযায়ী কোনো কিছু নেই ট্রেইলারটিতে। আবার অনেকেই বলছে ‘বাজেট কম থাকলে নাটক বানানো উচিত। এভাবে বড় পরিসরে কাজ করার কি দরকার।’