বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীর। গেল বছরের ২৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার গান ও কর্ম রয়ে গেছে এদেশের মানুষের অন্তরে অন্তরে।
দেশের স্বাধীনতা ও সংস্কৃতি চর্চায় ফকির আলমগীরের অবদানের জন্য ফকির আলমগীর চিরদিন স্মরণীয় এবং বরণীয়। দীর্ঘ জীবনে তিনি অনেক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
এবার মৃত্যুর পর ফকির আলমগীরের প্রতি সম্মান জানিয়ে তার নামে রাজধানী ঢাকার একটি সড়কের নামকরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এই উদ্যোগ বাস্তবায়ন করেছে।
খিলগাঁও চৌধুরীপাড়া ৬ নম্বর সড়কের সামনে ফকির আলমগীর সড়কের ফলকটি বসানো হয়েছে। এখন থেকে এই সড়কটি কিংবদন্তি এ শিল্পীর নামেই পরিচিত হবে।
এ বিষয়ে কথা বলতে গেলে ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বলেন, “এটা সত্যি দারুণ উদ্যোগ আমার বাবাকে সম্মান জানানোর। আমি, আমার পরিবার ও পরিজন এই সম্মানে আপ্লুত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মহোদয় আতিকুল ইসলাম সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ।
এই এলাকায় অনেক স্মৃতি আছে। তিনি এখানে জীবনের অনেক সময় কাটিয়েছেন৷ এই এলাকার মানুষ তাকে সম্মান করতেন৷ সেখানে বাবার নামে সড়ক, ভাবতেই ভালো লাগছে।”