ফারিয়ার নতুন অভিযোগ, মুখ খুললেন প্রাক্তন স্বামী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০৪:৫২ পিএম

ফারিয়ার নতুন অভিযোগ, মুখ খুললেন প্রাক্তন স্বামী

বিচ্ছেদের বছরখানেক পর সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নির্যাতনের বিষয়টি জানান এই অভিনেত্রী।

শবনম ফারিয়া জানান, স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়েই বিচ্ছেদের পথ বেছে নেন। এই অভিনেত্রীর দাবি, সাবেক স্বামীর নির্যাতনে তার হাত ভেঙে গিয়েছিল।

তবে ফারিয়ার এমন অভিযোগ অস্বীকার করলেন প্রাক্তন স্বামী হারুনুর রশীদ অপু। তিনি বলেন, “নির্যাতনের অভিযোগের বিষয়টি সত্য নয়।”

অপু লেখেন, “পারিবারিক নির্যাতনের বিষয়টি সত্য নয়। স্পষ্ট প্রমাণ ছাড়া এটা নিছক ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করার পরিকল্পনা। আমি জানি না, কেন এতদিন পর কেউ এখন অতিরঞ্জিত গল্প ছড়াচ্ছে।”

এর আগে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়ার প্রাক্তন স্বামী। সেখানে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য, “প্রেম, বিয়ে কিংবা একটা সম্পর্ক- এর মাঝে হাজারটা চড়াই-উৎরাই থাকে। আবেগ, রাগ, হাসি-কান্না, সুখ-দুঃখ মিলিয়েই একেকটা সম্পর্ক গড়ে ওঠে। আমার বিয়ের সম্পর্কটি টেকেনি, এটা নিয়ে আমার বিপরীতের মানুষ অনেক বয়ান, স্ট্যাটাস, মতবাদ দিলেও এতদিন পর্যন্ত আমি কিছুই বলিনি, হয়তো আর বলবও না। ভেবেছি বোবার শত্রু নাই! কিন্তু যা দেখছি অনেকদিন ধরেই, চুপ থেকে সম্মান দিয়ে যাওয়াও আজকাল অনেকে সুযোগ নিয়ে নেয়।”

অপু আরও লিখেছেন, ‘অভিযোগ দুইদিকেই থাকে, কেউই সন্ন্যাসী লেভেলে থাকি না আমরা। দিনের পর দিন কারো আসমান সমান অভিযোগ থাকলে, আরেকদিকে পাহাড় সমান থাকারই কথা। অভিযোগের পুঁজি করে নিজেকে সাধু সাজিয়ে ভিকটিম হিসেবে প্রকাশ করা অনেকের অভ্যাস হতে পারে। তবে এই পথে এখনো যেতে পারিনি।’

উল্লেখ্য, ভালোবেসে বিয়ে করেছিলেন অপু ও শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বড় আয়োজনে ঘর বেঁধেছিলেন তারা। কিন্তু সেই ঘর টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস।

Link copied!