ফিল্ম ছাড়া অন্য কিছু ভাবছি না: প্রিয়মনি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২১, ০১:২৮ পিএম

ফিল্ম ছাড়া অন্য কিছু ভাবছি না: প্রিয়মনি

অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রেখেছেন নবাগতা প্রিয়মনি। ঈদে আইথিয়েটার ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম ছবিতেই প্রশংসা কুড়িয়েছেন আবেদনময়ী এ অভিনেত্রী। চিত্রনায়ক নিরবের বিপরীতে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।প্রিয়মনি এ বিষয়ে জানান, আমি ভাবিনি প্রথম ছবিতে দর্শকের এত প্রতিক্রিয়া পাব। আমি দর্শকের কাছে অচেনা। তবুও দর্শক আমার কথা বলছে। আমার অভিনয়ের প্রশংসা করছে। সোশ্যাল মিডিয়ায় লিখছে। আমি দর্শকের কাছে কৃতজ্ঞ।

চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল

নিজের চরিত্র প্রসঙ্গে প্রিয় বলেন, চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমাকে অন্তঃসত্ত্বার ভূমিকায় অভিনয় করতে হয়েছে। তাদের কষ্টগুলো পর্দায় ফুটিয়ে তুলতে হয়েছে। আমাদের শুটিং হয়েছিল শীতের রাতে। কষ্ট করতে হয়েছে ব্যাপক। তবে এখন মনে হচ্ছে কষ্ট স্বার্থক। প্রিয়মনির প্রথম ছবি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রাজু আলীমের ‘ভালোবাসার প্রজাপতি’। এ ছবির কিছু কাজ এখনও বাকি। তাই আগে শেষ হওয়া ‘কসাই’ দিয়ে ঢালিউডে পা পড়লো তার। প্রিয়মনি এ ছাড়াও সৈকত নাসিরের ‘বর্ডার’ ছবিতে একটি বিশেষ গানে অংশগ্রহণ করেছেন।

জুনের প্রথম সপ্তাহে দর্শকদের নতুন কাজের খবর জানাবেন

ক্যারিয়ার ভাবনা প্রসঙ্গে জানান, আমি এখন ফিল্ম নিয়েই ভাবছি। ওয়েব বা বড়পর্দায় যেখানেই হোক গল্প ও চরিত্র ভালো হলে আমি কাজ করব। আমি পরিশ্রম করে একটু একটু করে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী। প্রিয়মনি জানালেন, জুনের প্রথম সপ্তাহে দর্শকদের নতুন কাজের খবর জানাবেন। নিজেকে এজন্য গুছিয়ে নিচ্ছেন।

Link copied!