গতকাল ৩১ মার্চ কলকাতায় ‘জিরো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২০’ এর চতুর্থ আসর বসেছিল। বাংলা ভাষার সিনেমাকে উৎসাহ করতে আয়োজন করা হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ওই আয়োজনে পুরস্কার ঘরে তুলে এনেছেন জয়া আহসান। দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন তিনি।
ফিল্মফেয়ারে সেরা অভিনয়শিল্পী শাখায় দুটি মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। মনোনয়ন পাওয়া একটি সিনেমা অতনু ঘোষের ‘রবিবার’ এবং আরেকটি কৌশিক গাঙ্গুলীর ‘বিজয়া’। তার সাথে একই বিভাগে মনোনয়ন পেয়েছিল ঈশা সাহা (সোয়েটার), রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা) এবং শুভশ্রী গাঙ্গুলী (পরিণীতা)। কিন্তু বাকিদের টপকে গিয়ে পুরস্কার ঘরে তুলে এনেছেন জয়া।
করোনা পরিস্থিতির জন্য গত বছরের অনুষ্ঠানটি এবছর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার একটি তারকা হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। জানা গেছে আয়োজনের ঠিক একদিন আগে আয়োজকদের পক্ষ থেকে জয়ার নিকট কলকাতা ভ্রমনের আমন্ত্রণ এসেছিল। নিজের অভিনীত দুটি সিনেমার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানার পরেও তিনি কলকাতায় যাবেন কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেন না। পরে বিমানে চড়ে যান তিনি। এর আগেও ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।