মুম্বাইয়ের বলিউড পাড়ায় আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এবারের গুঞ্জনে কোনো নতুন প্রজন্মের উঠতি তারকা নন। এ বার ছাঁদনাতলায় যেতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত ভার্সেটাইল অভিনেতা আমির খান। বিয়ের দিক দিয়ে খুব শীঘ্রই নাকি হ্যাটট্রিক করতে চলেছেন ‘লাল সিংহ চাড্ডা’ খ্যাত এই তারকা।

পাত্রী কে ? পাত্রীও বলিউড পাড়ার বাইরের কেউ নন। বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তাঁর সাথে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আমির।

ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল। শোনা যায়, অডিশন দেখেই সুন্দরী ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির খান নিজেই। ওই ছবিতে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করে ফাতিমা অভিনয় জগতে পা রাখেন। তাদের বয়সের বিস্তর পার্থক্য রয়েছে। তবে অনস্ক্রিন মেয়ে এবং বাস্তবেও হাঁটুর বয়সী ফাতিমার সঙ্গে পর্দার বাইরে আমিরের রসায়ন ছিল চোখে পড়ার মত। তখন থেকেই আমির-ফাতিমার ইঞ্চি ইঞ্চি প্রেম নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে একসাথে দুজনকে দেখায় এই গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে।

আমিরের মেয়ের বাগ্দান অনুষ্ঠানেও ফাতিমাকে দেখা গেছে । আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ফাতিমাকে। এই খবর দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। এমনকি আমিরের কথাতে আদিত্য চোপড়ার ঠাগস অফ হিন্দুস্তান ছবিতেও ফাতিমা সুযোগ পান।

আমির নিজে ফোন করে বহু প্রযোজক ও পরিচালককেও নাকি ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন। নিন্দুকেরা বলেন, ফাতিমার প্রতি আমিরের এই প্রেমই কিরণ রাওয়ের সংসারে আগুন লাগায়। ফলাফল তাদের বিবাহবিচ্ছেদ। কিরণ-আমির দম্পতির আজাদ নামে এক সন্তান রয়েছে।

এর আগে, চলচ্চিত্র জগতে প্রবেশের আগেই আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রীণা দত্তের সঙ্গে। তাদের ইরা ও জুনেইদ নামে দুই সন্তান রয়েছে। তারপরও দঙ্গল ছবির শ্যুটিং করতে গিয়ে সহকারী পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে প্রেমে মজেছিলেন আমির। ফলে রীণা দত্তের সাথে আর সম্পর্ক টেকেনি তাঁর। ১৫ বছরের বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে করেছিলেন কিরণ রাওকে।

নতুন প্রেমিকা ফাতিমা শেখের সাথে সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি আমির খান। মুখে কুলুপ এঁটেছেন ফাতিমাও। তবে বিয়ের খবর সমাজমাধ্যমের পাতায় ফাঁস করেছেন কামাল আর খান।

বলিউডের স্বঘোষিত এই সমালোচক এক টুইট বার্তায় লেখেন, ‘‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’’ যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।