ফের ট্রলের শিকার রণবীর-আলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ০১:৩৬ পিএম

ফের ট্রলের শিকার রণবীর-আলিয়া

মহামারি করোনা ভাইরাসে অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। আক্রান্তের সেই তালিকায় বড় অংশে রয়েছে বলিউড অঙ্গন। প্রায় প্রতিদিনই তারকাদের আক্রান্তের খবর সামনে আসে। আর এই পরিস্থিতিতে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সেই খবর সামনে আসার পর থেকেই ট্রলের মুখে পড়েছেন এই জুটি। যেখানে করোনার ভয়াবহতা কমছে না, সেখানে তারা গেছেন ঘুরতে। এমন জের ধরেই নেটিজেনরা কটাক্ষ করে যাচ্ছেন তাদের এই ভ্রমনকে ঘিরে।

বর্তমানে বলিউডের সেরা জুটিগুলো মধ্যে আলোচিত জুটি আলিয়া-রণবীরের। বলিউডের লাভ বার্ড বলা হয় তাদেরকে। তবে মাঝে মাঝে ট্রলের মুখে পড়েন তারা। এবারও ঘটেছে একই ঘটনা। ঘুরতে গিয়ে ট্রলের শিকার হয়েছেন এই জুটি। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুর দিকেই আক্রান্ত হয়েছিলেন আলিয়া এবং রণবীর। কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন এই জুটি। তাই তার এক সপ্তাহ না যেতেই মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

বর্তমানে বলিউড তারকাদের ভ্রমনের জন্য প্রথম পছন্দের স্থান মালদ্বীপ। সময় পেলেই চলে যান নীল জলরাশির গভীরে। কিন্তু পরিস্থিতি যেখানে নাজেহাল সেখানে এমন শখ পূরণের বিষয়টি অনেকেই মেনে  নিতে পারেননা। তাই রণবীর এবং আলিয়ার উপর চটেছেন নেটিজেনরা। মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রণবীর ও আলিয়ার বিমানবন্দরের ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে শুরু করে দেন নেটজনতারা।

সেই ভিডিওতে কেউ লিখেছেন, “মনে হচ্ছে নিজের দেশের মানুষের পাশে না থেকে পালিয়ে যাচ্ছে। জনতা সব মনে রাখবে।” কেউ আবার লিখেছেন, “সমস্ত তারকারা মালদ্বীপে কেন পালাচ্ছে। রোজ কেউ না কেউ যাচ্ছে। ওখানকার সরকার কি মুক্তহস্তে দান করছে নাকি ওখানে করোনা নেই।”

এর মধ্যেই আবার একজন লিখেছেন, “লজ্জাও নেই এই মানুষগুলোর! দেশে এই কঠিন সময়ে মানুষ মরছে, আর এরা সাহায্য করার বদলে ঘুরতে যাচ্ছে।” অন্য এক নেটিজেন বলেছেন, ‘আলিয়া-রণবীর নিজে বেড়াতে গিয়ে অন্যদের কীভাবে বাড়িতে থাকার কথা বলেন।’ বেশিরভাগ নেটিজেনরা এই বিষয়টাকে ভাল চোখে দেখেননি।

Link copied!