আবারো বিতর্কে জড়িয়েছেন এডুটেক সংস্থা বাইজু’স। এই সংস্থাকে ঘিরে একাধিক অভিযোগ জমা পড়েছে, তৈরি হয়েছে বিতর্ক। এবার বিতর্কে জড়িয়ে গেল সংস্থার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বেসাডার শাহরুখ খানের নামও।
শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়, বেসরকারি ওই সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। আর সেই কারণেই শাহরুখ ও ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী।
আইএএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল প্রিয়াঙ্কার। এই জন্য তিনি সংস্থার কোচিংয়ের জন্য ১ লাখ ৮ রুপি জমা দিয়েছিলেন। প্রিয়াঙ্কার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি এই জমা অর্থ ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু একাধিকবার তা বলা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি।
এর জেরেই মধ্যপ্রদেশের ডিস্ট্র্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন তরুণী। প্রিয়াঙ্কার অভিযোগ, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সংস্থায় নাম নথিভূক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অ্যাডমিশন ফি-র পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াঙ্কা।
মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেল তা মেনে নিয়েছে। অ্যাডমিশনের ১ লাখ ৮ হাজার রুপির পাশাপাশি তার ১২ শতাংশ সুদও দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মামলার খরচ হিসেবে প্রিয়াঙ্কাকে আরও পাঁচ হাজার রুপি ও ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার রুপিও দিতে বলা হয়েছে।