বলিউডে পাড়ায় এখন শুধু মাতৃত্বের আস্বাদ! অভিনেত্রী মহেশ ভাটকন্যা আলিয়া ভাট ও অনিল কাপুর তনয়া সোনম কাপুর শীঘ্রই তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন। তবে তারই মাঝে ছোটে নবাব সাঈফ আলী খানের বেগম কারিনা কাপুর খান, বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য রাই বচ্চনেরও ফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ঐশ্বর্য, করিনা এঁরা দুজনেই এবিষয়ে নিরব।

তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে একসময় বলিউডে রানির মতো দাপটে রাজত্ব করা রানী মুখার্জীও ফের মা হতে চলেছেন। সম্প্রতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পাপারাৎজির তোলা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রানির ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নেট দুনিয়ায় ঝড় তোলে।
ভিডিয়োটি দেখতে এখানে ক্লিক করেন:
পাপারাৎজির ইনস্টাগ্রামে উঠে আসা ভিডিয়োতে 'ফ্লাওয়ার প্রিন্টেড' সবুজ রঙের সালোয়ারে দেখা যাচ্ছে রানী মুখার্জীকে। গায়ের উপর আলগোছে ফেলা রয়েছে গোলাপি রঙের ওড়না। যে ওড়নাটি দিয়েই বারবার রানিকে নিজের স্ফীত পেট ঢাকতে দেখা যায়। সিদ্ধিবিনায়ক মন্দিরে রানি মুখার্জীকে পাপারাৎজি ঘিরে ফেলতেই সবসময়ের মতো এবারও তিনি মাস্ক সরিয়ে হাসিমুখে পোজ দেন।

বেশ অনেক দিন হলো লাইমলাইট থেকে দূরেই রয়েছেন বলিউডের এই বাঙালি ললনা। শেষবার তাঁকে পরিচালক করণ জোহরের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল। বহুদিন পর অভিনেত্রীকে দেখে তাই ঘিরে ধরেন পাপারাৎজিরা।
এর আগেও বহুবার রানি মুখার্জী সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছেন। তবে কেউ বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নয়, তাঁর নতুন ছবি 'মিসেস চ্যাটার্জী বনাম নরওয়ে' খুব শীঘ্রই মুক্তি পাবে, আর সেকারণেই তিনি পুজো দিতে গিয়েছিলেন।

দীর্ঘ সময় পর যশরাজ ব্যানার থেকে বের হয়ে নিখিল আদবাণী প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রানি। এর আগে ২০১৮তে তাঁকে দেখা গিয়েছিল 'হিচকি' ছবিতে। একা হাতেই যে ছবিকে বক্স অফিসে সুপার হিট বানিয়েছিলেন আদিত্য চোপড়া ঘরণী।

প্রসঙ্গত, রানী মুখার্জী ও আদিত্য চোপড়ার এক কন্যাসন্তান রয়েছে। ২০১৫ সালে আদিরার জন্ম দেন রানি। বর্তমানে তার বয়স ৬ বছর। যদিও মেয়ে বেশি লাইম লাইটে থাকুক তা একেবারেই পছন্দ করেন না আদিত্য চোপড়া। তাই অন্যান্য তারকা সন্তানদের মতো আদিরাকে একেবারেই ক্যামেরার সামনে দেখা যায় না। ২০২১ সালে ঘটা করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করেন রানি। সেখানে অন্যান্য তারকা সন্তানদের দেখা গেলেও 'বার্থ ডে গার্ল' আদিরার কোনও ছবি প্রকাশ্য়ে আসেনি।