সাধারণত ডিভোর্সের পর স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে না। যে যার মতো আলাদা পথ ধরেন। কিন্তু আমির খান-কিরণ রাও দম্পতির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। ঝগড়া নয়। মনোমালিন্যও নয়। বরং হাস্যোজ্জ্বল সময় কাটালেন আমির ও কিরণ। অবশ্য তারা আগেই ঘোষণা দিয়েছিলেন দুজন মিলেই ছেলে আজাদকে বড় করবেন।
ডিভোর্সের পর থেকে আলাদা বসবাস করছেন আমির খান ও কিরণ রাও। তবে নতুন খবর হলো পুত্র আজাদের জন্মদিন উপলক্ষে আবারও একসঙ্গে হয়েছেন তারা। আজাদের নবম জন্মদিন ঘনিষ্ঠজনদের নিয়ে পারিবারিক ও ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন।
ভারতীয় লেখক ও কলামিস্ট শোভা দে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন।
সেটিতে দেখা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে কেক কাটছেন আমির খান ও কিরণ রাও। আর ক্যাপশনে লিখেছেন, ‘একটি উষ্ণ এবং চমৎকার সন্ধ্যা ও ঘরের মজাদার খাবার। হ্যাশট্যাগ টুগেদারনেস, হ্যাশট্যাগ ফ্যামজ্যাম।’
‘লগান’ ছবির শুটিংয়ে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের সখ্য গড়ে ওঠে। এ কারণে প্রথম স্ত্রী রিনা দত্ত ও তার বিয়েবিচ্ছেদ হয়। এরপর কিরণের সঙ্গে ঘর বাঁধেন আমীর।