জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটি মিউজিক্যাল ডকু-ফিল্মে অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।
বঙ্গবন্ধুকে নিয়ে গীতিকার সুজন হাজংয়ের লেখা ‘রক্তমাখা সিঁড়ি’ নামে এই গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোহেল রানা বয়াতির চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় মিউজিক্যাল ডকু-ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।
ডকুফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে অভিনেত্রী তারিন বলেন, ‘বঙ্গবন্ধু হচ্ছেন বাঙালি চেতনার প্রেরণা। আমি এই মিউজিক্যাল ডকু-ফিল্মে অংশ নিতে পেরে বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি।এই তথ্যচিত্রটিতে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরা হয়েছে।’
বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি এই মিউজিক্যাল ডকু-ফিল্মটি জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) ‘এসএইচ গ্লোবাল টিভি’ নামে গীতিকার সুজন হাজংয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।