বনানীতে সমাহিত করা হবে অভিনেতা ওয়াসিমকে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ১১:৪৩ এএম

বনানীতে সমাহিত করা হবে অভিনেতা ওয়াসিমকে

না ফেরার দেশে চলে গেলেন কালজয়ী অভিনেতা ওয়াসিম। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে এই অভিনেতাকে।

গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন চিত্রনায়ক ওয়াসিম। কিডনী রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অতঃপর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোনালি দিনের এই নায়ককে বনানীর কবরস্থানে দাফন করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ওয়াসিম ভাইকে এখন গোসল করানো হচ্ছে। এরপর তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে।’ আজ রবিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ওয়াসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাযা শেষে সেখানেই সমাহিত করা হবে তাকে। অভিনেতা ওয়াসিমের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রসঙ্গত, ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম। মোহসিন পরিচালিত রাতের পর দিনসিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওয়াসিমের। প্রথম ছবিটিই ব্যবসাসফল হয়। এরপর আর পিছু তাকাতে হয়নি ওয়াসিমকে।  একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন। সবমিলিয়ে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম।

Link copied!