বিতর্কিত ভারতীয় মডেল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার কর মানহানির মামলায় বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার তাকে আটক করে মুম্বাইয়ের আম্বোলি থানায় নিয়ে আসার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এই ঘটনার পর শার্লিন টুইটারে লেখেন, “ব্রেকিং নিউজ!!! রাখি সাওয়ান্তকে এফআইআর ৮৮৩/২০২২-এর ভিত্তিতে গ্রেপ্তার করেছে আম্বলি থানা পুলিশ। তার আগাম জামিনের আর্জিও খারিজ করেছে মুম্বাই কোর্ট।”
আপত্তিকর ভিডিও দেখানো এবং ভাষা ব্যবহারের অভিযোগে গত নভেম্বরে রাখির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল।
ঘটনার সূত্রপাত গত বছর বিগ বসের ১৬তম সিজনে সাজিদ খানের প্রবেশের পর থেকেই। সাজিদ বিগ বসের ঘরে প্রবেশ করতেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে মামলা করেন শার্লিন। এই পরিচালকের বিরুদ্ধে করতে থাকলেন নানা বিতর্কিত মন্তব্য। তাঁর এই কাণ্ডের পর সাজিদের পক্ষ নিয়ে শার্লিনের বিরুদ্ধে কথা বলেন রাখি। এরপর তাঁদের মধ্যে শুরু হয় বাগ্যুদ্ধ। একপর্যায়ে রাখিকে নিয়ে করা শার্লিনের মন্তব্যের জেরে রাখির ব্যক্তিগত জীবনে ক্ষতি হয়েছে বলে গত বছর ৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করেন রাখির আইনজীবী।
শার্লিনও চুপ ছিলেন না। ৮ নভেম্বর পাল্টা রাখি সাওয়ান্ত ও তাঁর আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন শার্লিন। এ মামলায় শার্লিন আরও অভিযোগ করেন, বিনা অনুমতিতে রাখি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এ মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল এ মামলায় অগ্রিম জামিন আবেদন করেছিলেন রাখি। কিন্তু আদালত তা নাকচ করে দেন।
কয়েক দিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রাখি। বিয়ে করলেও তা স্বীকার করছিলেন না স্বামী আদিল দুরানি। পরে অবশ্য এ সমস্যার সমাধান হয়। আজ স্বামীর সঙ্গে নিজের ডান্স একাডেমির উদ্বোধন করার কথা ছিল রাখির। কিন্তু তার আগেই তিনি গ্রেপ্তার হন।