প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের কন্যা জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকার পর অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন। সম্প্রতি গণমাধ্যমে এই অভিনেত্রী নিজের অন্তঃসত্ত্বার কথা প্রকাশ করেন। তার মা হতে চলার খবরটি এবার তার পোশাকেও পাওয়া গেল।
আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, করন জোহর প্রয়োজিত ও আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রের প্রচারে গতকাল শুক্রবার হায়দরাবাদে গিয়েছিলেন আলিয়া-রণবীর। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তারা। হায়দরাবাদে আলিয়ার গোলাপি পোশাকের ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে লেখাটি সবার নজর কাড়ে। ওই পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে। অভিনেত্রী আলিয়ার এই অন্যরকম স্টাইল মুহূর্তেই ভাইরাল হয়ে য়ায়।
রণবীর ও আলিয়া ভাট গত এপ্রিলে বিয়ে করেন। এর দুই মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন আলিয়া। পরে ইউরোপ চলে যান হলিউড সিনেমার শুটিংয়ের জন্য। দেশে ফিরেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শেষ করেন এই নায়িকা। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার প্রচারে ব্যস্ত আলিয়া ভাট।
নির্মাণে পাঁচ বছর সময় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ।
তিন ভাগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা।
‘ব্রহ্মাস্ত্র’র প্রথমভাগ ‘শিবা’য় ফুটে ওঠবে শিবা (রণবীর) ও ইশা (আলিয়া)-র প্রেম কাহিনী। ইশা শব্দের মানে পার্বতী। এবার শোনা যাচ্ছে যে পার্বতীর চরিত্রে দ্বিতীয় ভাগে দেখা যাবে দীপিকাকে। থাকবেন শাহরুখ খানও। সেখানে মহাদেব আর পার্বতীর প্রেমকাহিনি।