বলিউডে কয়েকদিন আগেই টুইটারে আমির খানের সিনেমা বয়কটের ডাক উঠে। তার রেশ কাটতে না কাটতেই এবার আলিয়া ভাটের সিনেমা বয়কটের ডাক ট্যুইটার জুড়ে। আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আজ। তবে ছবি মুক্তির আগেই তার বিরুদ্ধে ছেলেদের গার্হস্থ্য হিংসাকে উস্কে দিচ্ছেন এমন অভিযোগ উঠে।

‘ডার্লিংস’ছবির গল্পকাহিনীতে আলিয়ার চরিত্রটি নির্যাতনের শিকার৷ স্বামী অত্যাচার করে তার উপর৷ এত মারধর করে যে সারা শরীরে কালশিটে পড়ে যায়৷ তবে মুখ বুজে সহ্য না করে তিনি পাল্টা প্রতিশোধ নেন৷ ছবির ট্রেলার দেখে এমনটাই বোঝা যাচ্ছে। আর এতেই স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন বহু নেটিজেন৷ এভাবে আলিয়া ভাট গার্হস্থ্য হিংসার প্রচার করছেন বলে অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে৷

পুরুষ যখন গার্হস্থ্য হিংসার শিকার হন, তখন সেটা কীভাবে হাসির খোড়াক হয়? এই প্রশ্ন অনেকেই তুলেছেন ট্যুইটারে৷ মহিলাদের উপর অত্যাচার যেমন উচিৎ নয়, তেমনই পুরুষের বিরুদ্ধে অত্যাচারও অনুচিত৷ এই মত উঠে আসছে৷ ফলে মুক্তির আগেই চাপে পড়ছে আলিয়ার ছবি ডার্লিংস৷ যার ফলে বয়কট আলিয়া ভাট ট্রেন্ড চালু হয়েছে।

অভিনয়ের পাশাপাশি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে নাম লেখিয়েছেন আলিয়া। আলিয়া ব্যস্ত ছবির প্রচারে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রচার করছেন তিনি। নিজের প্রযোজিত ছবিই শুধু নয়, হলিউডের ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর কাজ শেষ করেছেন। মা হওয়ার পর আবার কাজ শুরু করবেন তার আভাসও দিয়ে রেখেছেন।