বলিউডে থামছে না করোনা, এবার আক্রান্ত জন আব্রাহাম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০২:১১ পিএম

বলিউডে থামছে না করোনা, এবার আক্রান্ত জন আব্রাহাম

ভারতের বলিউড জগতে কোনোভাবেই থামছে না করোনার ছোবল। প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিনেতা-অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সবশেষ বলিউড অভিনেতা জন আব্রাহাম এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জন আব্রাহামও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে জন জানিয়েছেন, তিনদিন আগে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন জন-প্রিয়া। কিন্তু বিষয়টি তারা জানতেন না। পরে ওই ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পেয়ে জন-প্রিয়া করোনা পরীক্ষা করান। তাদের দু’জনেরই মৃদু উপসর্গ রয়েছে। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন। জন-প্রিয়া করোনার দুটি টিকাই নিয়েছেন বলেও জানান এই অভিনেতা।

সময়ের সঙ্গে বেড়েই চলেছে সংক্রমণের হার। দু’দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান ‘জার্সি’ খ্যাত অভিনেতা মৃণাল ঠাকুর। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি।

প্রসঙ্গত, ভারতে বর্তমানে করোনার তৃতীয় ওয়েভ চলছে। করোনার সঙ্গে পাল্লা  দিয়ে বাড়ছে নতুন ধরন ওমিক্রনে শনাক্ত হওয়ার সংখ্যাও। করোনা ও ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে সোমবার (৩ জানুয়ারি) থেকে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এছাড়া, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 

Link copied!