বলিপাড়ায় ফের সুখবরের আভাস

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২২, ০৬:২০ পিএম

বলিপাড়ায় ফের সুখবরের আভাস

বলিউডের অন্দরে খুশির আবহ। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মেয়ের মা হয়েছেন বিপাশা বসুও। এই দুই অভিনেত্রীর আগে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। এবার বলিপাড়ায় ফের শোনা যাচ্ছে সুখবর। শীঘ্রই বাবা হতে যাচ্ছেন অভিনেতা বরুণ ধাওয়ান এমনটাই আভাস পাওয়া গেছে সালমান খানের কাছ থেকে।

সম্প্রতি নিজের নতুন ছবি ‘ভেড়িয়া’র প্রচার করতে সালমান সঞ্চালিত ‘বিগ বস’  শোয়ে গিয়েছিলেন বরুণ। সঙ্গে নায়িকা কৃতী শ্যাননও ছিলেন। সেখানে সালমানের সঞ্চালনাতেই একটি গেম খেলেন তাঁরা। চোখ বন্ধ অবস্থায় ছুঁয়ে চিনতে হবে, এমন জিনিস বরুণ ও কৃতীর হাতে দেন সালমান। তা ঠিকঠাকভাবেই চিনে ফেলেন নায়ক-নায়িকা।

খেলার সময় ব্যবহার করা ব্যাঘ্রশাবকের পুতুলটি সালমানের হাতে থেকে যায়। সেটি আচমকা বরুণ ধাওয়ানের হাতে তিনি দিয়ে দেন। বরুণ প্রশ্ন করে বসেন, পুতুল নিয়ে তিনি কী করবেন? উত্তরে ভাইজান বলে বসেন, ‘এটা তোমার বাচ্চার জন্য।’ সালমানের এই কাণ্ডে লাজুকভাবে হেসে বরুণ বলেন, ‘বাচ্চা তো এখনও হয়নি।’ তার উত্তরে আবার সালমান বলেন, ‘পুতুল পেয়ে গিয়েছো এবার বাচ্চাও এসে যাবে।’

কিছুটা লজ্জায় লাল হয়ে গেলেন বরুণ। সেই থেকেই ধারণা করা হচ্ছে বাবা হতে চলেছে বরুণ।

Link copied!