বাংলাদেশি ছবি প্রযোজনা করার ইচ্ছা ব্যক্ত করেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই ও হিন্দি সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরবাজ খান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডিতে সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং ইউম্যান’র পোশাক ব্রান্ডের নতুন শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় পৌঁছান আরবাজ খান।
শুক্রবার নতুন শাখা উদ্বোধন শেষে আরবাজ খানকে সাংবাদিকরা ঘিরে ধরেন। পরে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আরবাজ খান জানান, এটি তার দ্বিতীয় ঢাকা সফর। এর আগেও একবার তিলোত্তমা ঢাকায় এসেছিলেন। তবে কবে এসেছিলেন তা নির্দিষ্ট করে জানাননি।
অনুষ্ঠানস্থলে হাজির হয়ে দেরী হওয়ায় দুঃখপ্রকাশও করেন আরবাজ। ‘আমি আজ (৭ এপ্রিল) সকালের ফ্লাইটে ঢাকায় এসেছি। বিকালের দিকে কিছুটা অসুস্থ বোধ করার কারণে ঢাকায় পৌঁছতে একটু দেরি হয়ে গেলো। এজন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি আপনাদের ইফতার দারুণ হয়েছে।’
বাংলাদেশে এসে কেমন লাগছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন, “এই দেশে আসার অনুভূতি অসাধারণ। কাজের সূত্রে আমি কয়েক বছর আগেও এসেছিলাম। এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ। তাদের অভ্যর্থনা দারুণ। আমার মনেই হচ্ছে না যে আপন মানুষদের থেকে দূরে আছি। আশা করছি পরবর্তীতে আসলে আরেকটু বেশি সময় নিয়ে আসবো, যাতে এই দেশটা ঘুরে দেখতে পারি।”
সালমান খান বাংলাদেশে আসছেন কিনা-এমন প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন,“ব্যস্ততা শেষ হলে আশা করি সালমান একদিন এখানে আসবেন। আসলে সালমান নিজেও বলেছেন, তার ভালোবাসা যেন আপনাদের পৌঁছে দেই। খুব দ্রুত কোনও সময়ে তিনি আসবেন এই দেশে।”
বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় কিংবা প্রযোজনায় আগ্রহী কিনা-এমন প্রশ্নের জবাবে দাবাং টু ছবির পরিচালক আরবাজ থান খান বলেন,সবকিছুই যখন আন্তর্জাতিকভাবে হচ্ছে, তখন আমিও অবশ্যই এখানে ভাগ্য ফেরাতে চাই। তবে সিনেমাটির গল্প এমন হওয়া উচিত যেটি প্রচু্র দর্শককে টানতে পারবে এবং দুই দেশের মধ্যে সংযোগ থাকা দরকার।”
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আরবাজ খান জানান, দাবাং-৪ চলচ্চিত্র নির্মাণ করা হবে।
তিনি বলেন, সিনেমাটি অবশ্যই বানানো হবে, তবে কবে তা আমি জানি না। সালমানের সাথে আমার কিছু প্রতিশ্রুতি রয়েছে।এসবের পরে তার সাথে আমি ছবিটি নিয়ে ভাববো।”