শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিত ‘বঙ্গবন্ধু’র বাংলাদেশ অংশের শুটিং। কবিরপুর ফিল্ম সিটিসহ দেশের বিভিন্ন জায়গায় করা হবে এই ছবির শুটিং।
এর আগে, গত ২১ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়।
বঙ্গবন্ধুর এই বায়োপিকে খন্দকার মোশতাক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘ঢাকা কলেজের মাঠে ৭ মার্চের ভাষণের দৃশ্য ধারণ করা হচ্ছে। আমার টানা ১৫ দিনের মতো শুটিং আছে।’
ছবির নতুন লটের শুটিংয়ে অংশ নেওয়া বাংলাদেশি তারকাদের মধ্যে অন্যতম হলেন জায়েদ খান, ইরফান সাজ্জাদ ও এলিনা শাম্মী।
জায়েদ খান অভিনয় করছেন জেনারেল টিক্কা খানের চরিত্রে। তার অংশের শুটিং শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে।
এদিকে, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানালেন ইরফান সাজ্জাদ।
এলিনা শাম্মী অভিনয় করছেন খালেদা জিয়ার চরিত্রে। তাদের অংশের শুটিংও ৬ ডিসেম্বর শুরু হবে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় এই ছবির শুটিং হবে।
চলতি বছরের ২১ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হয় ‘বঙ্গবন্ধু’র শুটিং। করোনার কারণে বারবার বিলম্বিত হয়েছে শুটিং। ছবিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পরিকল্পনা বদল হয়। আগামী বছর মার্চে বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি ছবিটি।
ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ। বলিউড ও টালিউডের শিল্পীদের মধ্যে আছেন রাজেন মোদি, শ্রীজা ভট্টাচার্য, দেবাশীষ নাহা, আবির সুফি, অরুণাংশু, কৃষ্ণকলি প্রমুখ।
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিক।