ডিসেম্বর ১৭, ২০২১, ০৮:৩১ পিএম
বাংলাদেশের বিজয় দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশি নেটিজেনদের তোপের মুখে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজ এবং ইনস্টাগ্রামে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি।
ওই পোস্টে কঙ্গনা লিখেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘বাংলাদেশের বিজয়’ না। ওই বছরের বিজয় ছিল ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সালকে ভারতের বিজয়ের সুবর্ণজয়ন্তী চিহ্নিত করেন।
পোস্টে ভারতীয় আর্মিদের সাথে বিভিন্ন সময় তোলা কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেন কঙ্গনা। পোস্টে লিখেছেন ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট’। হ্যাসট্যাগে লিখেছেন- বিজয়দিবস, সোনালীবিজয়, অমৃত মহাউৎসব।
ব্যারিস্টার কায়সার কামাল, দীলিপ ঘোষ, সাব্বির চৌধুরীসহ অনেকেই কঙ্গনাকে ভুল শোধরাতে বলেন। তারা বলেন,’ আপনি যা লিখেছেন তা শুধরে নিন, এটি বাংলাদেশের বিজয়।’
এছাড়াও দেশীয় শোবিজের অনেকেই কঙ্গনার পোস্টে বিরুপ মন্তব্য করেন। এদের মধ্যে চিত্রনায়ক জয় চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া রয়েছেন।
জয় প্রতিবাদ করে লিখেছেন, “দয়া করে ইতিহাস বিকৃতি করবেন না। এটি ভারতের নয়, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী। ভারত আমাদের সহায়তা করেছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই বিজয় অর্জনের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের আবেগে আঘাত করবেন না।”