বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৫:৩৩ পিএম

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

নেদারল্যান্ডসভিত্তিক দেশের তৃতীয় বৃহত্তম মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে মামলা দায়ের করতে আদালতে গিয়েছিলেন সংগীত তারকা জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

রবিবার (১৯ সেপ্টেম্বর) জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘আমরা আদালতে গিয়েছি একটি কপিরাইট ইস্যু নিয়ে। আইনি আলাপ করেছি আইনজীবীদের সঙ্গে। কিছু দিকনির্দেশনাও পেয়েছি। সে হিসেবে সামনে আইনি পদক্ষেপের পরিকল্পনা করছি। শিগগিরই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করব।’

তিনি আরও বলেন, ‘এখনও মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তুতি আছে আমাদের। মামলা হইলে আপনাদের জানাবো।’ 

এর আগে সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন জেমস। তবে বিচারকের পরামর্শে দুপুর ১টার দিকে  আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন  তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, জেমস আদালতে মোবাইল কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। এছাড়া থানা যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন। এরপর আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

Link copied!