বাহুবলীর রেকর্ড ভাঙল ‘কেজিএফ টু’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২১, ০৫:৪৫ পিএম

বাহুবলীর রেকর্ড ভাঙল ‘কেজিএফ টু’

এবার কেজিএফ-ওয়ানকেও ছাড়িয়ে যাবে চ্যাপ্টার টু- এমনটাই আশা করছে দর্শকরা। এরই মধ্যে টি-সিরিজ এবং লাহাড়ি মিউজিকের কাছে ৭.২ কোটি রুপিতে বিক্রয় করা হচ্ছে ‘কেজিএফ টু’র অডিও স্বত্ব, যা ভেঙে দিয়েছে দক্ষিণের আলোচিত সিনেমা ‌‘বাহুবলী‘র রেকর্ড।

চলতি মাসের ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল সুপারস্টার যশ অভিনীত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। কিন্তু বৈশ্বিক করোনা মহামারির কারণে অবশেষে ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বছর ২৩ অক্টোবর বিশ্বব্যাপী ‘কেজিএফ টু’ মুক্তির কথা ছিল। পরবর্তীতে তারিখ পিছিয়ে ১৪ জানুয়ারি মুক্তির পরিকল্পনা করেন নির্মাতারা। বৈশ্বিক করোনা মহামারির তাণ্ডবের কারণে তা সম্ভব হয়নি।

এ সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। তবে প্রযোজকেরা এখনও মুক্তির তারিখ চূড়ান্ত করেননি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। ভারতীয় পাঁচটি ভাষায় এটি মুক্তির দেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। দর্শক-সমালোকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করে কেজিএফ-চ্যাপটার ওয়ান। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।

Link copied!