বাড়াবাড়ি হলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেব: মিম

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২২, ০৫:৪৭ পিএম

বাড়াবাড়ি হলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেব: মিম

আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। এবার অবশ্য নিজের অভিনেতা স্বামী শরিফুল রাজ ও ঢালিউডের আরেক নায়িকা বিদ্যা সিনহা মিমকে ঘিরে।

বিদ্যা সিনহা মিম অভিনীত আলোচিত সিনেমা ‘পরাণ’ ও ‘দামাল’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা দুটিতে মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। এরপর থেকেই এই জুটিকে নিয়ে সিনেমা পাড়ায় নানান গুঞ্জন চলছে। আর এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে পরীমনি নিজেই।

পরীমনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে বুধবার দিনগত রাত ২টার পর এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি রাজ-মিমের দুই সিনেমার পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আখ্যা দেন। শুধু তাই নয় অভিনেত্রী মিমকে ট্যাগ দিয়ে পরীমনি লেখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ মুহুর্তেই পরীমনির স্ট্যাটাস ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

পরীমনির সেই স্ট্যাটাসকে ইঙ্গিত করে মুখ খুলেছেন বিদ্যা সিনহা মিম। তিনিও তার ফেসবুকে ১০ নভেম্বর একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। দ্য রিপোর্ট ডট লাইভের দর্শকদের জন্য মিমের ওই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো।

'পরাণ' ও 'দামাল' সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌'পরাণ' ও 'দামাল' যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্খিসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে ওঠেছি কোন ধরণের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন-- এখন যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকঙ্খি ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরণের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।

আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্খিসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরণের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবো।

আপনাদের ভালোবাসার বিদ্যা সিনহা মিম❤️

পরীমনির স্ট্যাটাসের বিপরীতে মিম মুখ খুললেও স্বামী অভিনেতা শরিফুল রাজ ও পরিচালক রায়হান রাফি এখনও নীরব রয়েছেন।

Link copied!