সামান্থা রুথ প্রভু। ভারতের তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই আমজনতার। এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর প্রেমে পড়েছিলেন তারপরই বিয়ে। যদি সেই বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৪ বছর একসঙ্গে থাকার পরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু।

বিয়ের পর যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছিলেন সামান্থা ও নাগা। এ ফ্ল্যাটেই একসঙ্গে বসবাস করেন। কিন্তু কয়েক বছর পর ভেঙে যায় তাদের সংসার। সংসার ভাঙার পর ফ্ল্যাটটি বিক্রি করে দেন এই যুগল।

তবে বিক্রি করে দেওয়া সেই ফ্ল্যাটটিই আবার দ্বিগুণেরও বেশি দামে কিনে নিয়েছেন সামান্থা। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই ভবনের মালিক বলেছেন, “ বিবাহবিচ্ছেদের পর ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছিলেন সামান্থা-নাগা। এই ফ্ল্যাটটি সামান্থার খুব পছন্দের। তাই পরে আমার সঙ্গে কথা বলেন সামান্থা। আরো বেশি মূল্যে ফ্ল্যাটটি ফের কিনে নিয়েছেন তিনি। এখন সামান্থা তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন।”

২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির।

তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সামান্থাকে।

তবে বর্তমোনে ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের এই তারকা অভিনেত্রী। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সিনেমা, ওয়েব কনটেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি।

প্রকাশের পর থেকেই এটি ঝড় তুলেছে দুনিয়াজুড়ে। ফলে সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপর ঠাঁই করে নিয়েছে! বিস্ময় করা তথ্যই বটে।
গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করেছে, যা শ্রোতাদর্শকের মতামতের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। সে তালিকায় শীর্ষে রয়েছে ‘ও আন্তাভা’।

সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪ কোটিরও বেশিবার।
সামান্থা রুথ ঝুলিতে বর্তমানে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।