১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন বলিউডের তারকা জুটি অভিনেতা আমির খান ও পরিচালক-প্রযোজক কিরণ রাও। শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিবৃতিতে আমির এবং কিরণ জানান, ‘এই সুন্দর ১৫টা বছরে আমরা গোটা জীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগাভাগি করে নিয়েছি। আমাদের সম্পর্কে বিশ্বাস, সম্মান এবং ভালবাসা শুধু বেড়েইছে। এবার আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি, আর স্বামী-স্ত্রী হিসেবে নয়। বরং সহ-অভিভাবক হিসেবে একে অপরের জন্য দুটো পরিবার হিসেবে।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, বিচ্ছেদের পরিকল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল। বিচ্ছেদ হলেও সম্পর্ক খারাপ হয়ে গেছে দু’জনের তা কিন্তু নয়। আমিররা জানিয়েছেন, তিনি এবং কিরণ দুটি বর্ধিত পরিবারের মতো থাকবেন। তাদের সন্তান আজাদের প্রতি যত্নবান থাকবেন দু’জনেই। তাকে বড় করবেন একসঙ্গেই।
বিবাহ-বিচ্ছেদ হলেও একসঙ্গে সিনেমার কাজ করবেন আমির ও কিরণ। তাদের পানি ফাউন্ডেশনের কাজও থাকবে অব্যাহত। এই ১৫ বছর তাদের পাশে থাকার জন্য বন্ধু এবং পরিবারের সদস্যদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে দু’জনে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান আজাদ রাও। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের ঘরে রয়েছে দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান।
সূত্র: এনডিটিভি।