জানুয়ারি ৩০, ২০২৩, ০৮:৪০ পিএম
টানা চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর ফিরেই প্রশংসার সাগরে ভাসছেন তিনি। তার অভিনীত ‘পাঠান’ জ্বরে কাবু এখন গোটা ভারত। এছাড়া বিশ্বের ১০০ টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে ছবিটি। ৫৭ বছরের শাহরুখ খান রুপালি পর্দায় যেন এক ‘তরুণ তুর্কি’ হিসেবে আবির্ভূত হয়েছেন। অভিনয়ে অসম্ভব ভেলকি দেখিয়েছেন তিনি-এমনই মন্তব্য দর্শকদের।

হিন্দি ভাষার স্পাই-থ্রিলার চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। বক্সঅফিস ইন্ডিয়া ডট কম এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের এই সিনেমাটি প্রতিদিনই ইতিহাস সৃষ্টি করছে।
পাঠান ছবিটি মুক্তির দিনেই ভারত থেকে ৫৭ কোটি রুপি আয় করে। মুক্তির দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক বেড়ে দাঁড়ায় ১২৫ কোটিতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি মুক্তির চতুর্থ দিন আয় করে ৪২৯ কোটি রুপি। আর রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটির বেশি রুপির ব্যবসা করে ফেলে। তবে পঞ্চম দিনের শেষে আয় সাড়ে ৫০০ কোটি রুপি বলে অনেক পরিসংখ্যানে দাবি করা হচ্ছে।

শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশেও সিনেমাটি চলছে সগৌরবে। উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন আয় করে ১৮ লাখ ৬০ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় ১৫ কোটি রুপি।
ভারতে পাঠান চলছে সাড়ে প্রায় ৫ হাজার পর্দায়। দেশের বাইরে বিভিন্ন দেশে সর্বমোট ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। এর মধ্যে শুধু আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’।

যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিতে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। অন্যদিকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।